সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধে আবারও সফল অভিযান চালিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত থেকে ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পীরগঞ্জ সীমান্তে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক চোরাকারবারিদের কোনো ধরনের অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল আটক


