নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে বুধবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রচারাভিযানের অংশ হিসেবে র্যালি, লিফলেট ও স্টিকার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC), ইউরোপীয় ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর অর্থায়নে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় বাস্তবায়নাধীন Gender Uplifting for Inclusive Development and Community Empowerment (GUIDANCE) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সোডেপ)-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধ করি।’
আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, অনলাইন হয়রানি এবং সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
এতে কমিউনিটি লিডার, কমিউনিটি হেলথ প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্থানীয় জনগণ ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিরা অংশ নেন।
GUIDANCE প্রকল্পের ভেদরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সুব্রত কুমার দাস বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবার, সমাজ, যুবসমাজ, স্থানীয় নেতৃত্ব ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগে এ ধরনের সহিংসতা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপদ পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এ সময় অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।
পড়ুন : শীতের আগমনে সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট


