বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবিতে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্ম সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈশ্বিক জোট ‘গার্লস নট ব্রাইডস’-এর পক্ষে এই স্মারকলিপি দেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্টস এর কো-অর্ডিনেটর অসীম মণ্ডল।
স্মারকলিপিতে বলা হয়, বাল্যবিবাহ মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি কন্যাশিশুর শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা ও দারিদ্র্যের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৪৭ দশমিক ২ শতাংশ কন্যাশিশুর বিয়ে হয়ে যায়। আর ১৫ বছর বয়সের আগেই বিয়ে হয় ১৩ শতাংশের।
সরকার ২০৩১ সালের মধ্যে বাল্যবিবাহের হার ৪৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার করেছে। আগামী পাঁচ বছরে এই হার ১২ শতাংশ কমাতে হলে গত এক দশকের তুলনায় প্রায় তিন গুণ দ্রুতগতিতে কাজ করতে হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮-এর আলোকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোকে শুধু কাগজে-কলমে না রেখে নিয়মিত সভা, সদস্য তালিকা হালনাগাদ এবং মাঠ পর্যায়ে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে সাত দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নিষ্ক্রিয় বা আংশিক সক্রিয় কমিটিগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া, জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী দায়িত্ব ও প্রশিক্ষণ নিশ্চিত করা, বিবাহ নিবন্ধকদের তদারকি জোরদার করে বয়স যাচাই এবং বেআইনি বিয়ে ও নিবন্ধন বন্ধ করা। এ ছাড়া সচেতনতামূলক কার্যক্রমে বাজেট বরাদ্দ, প্রতিরোধ ও পর্যবেক্ষণে নাগরিক সমাজ ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ফোকাল পারসন মনোনয়নের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় নওগাঁ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, ব্র্যাক প্রতিনিধি আহসান হাবীব, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি লাবলু খান ও রানী প্রতিনিধি আঙ্গুর খাতুন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাশেদা রানী, যোহন মণ্ডল, যোহন পাটোয়ারী, খ্রিস্টিনা কিসকু, বিবেক দাস, বিশ্বনাথ টপ্প্য, আইনিয়াস সরেন, চঞ্চল চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্বের প্রায় ১০০টি দেশের ১ হাজার ৪০০টির বেশি সংগঠন নিয়ে গঠিত গার্লস নট ব্রাইডস জোটের বাংলাদেশে ৩১টি সদস্য সংগঠন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।
পড়ুন : ফুলছড়ির চরাঞ্চলে নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা


