সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন পাল। তাঁরা দুজনেরই উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে আসা শাহজাদপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটি নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা থেকে আসা ঢাকাগামী সি-লাইন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার মাহবুবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও চালক কে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দুজনের মরদেহ দেখতে পান।
পড়ুন : শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


