খিলক্ষেত বাজারের প্রবেশমুখে জনদুর্ভোগের স্থাপনা ভাঙতে ডিএনসিসিতে আবেদন

রাজধানীর খিলক্ষেত বাজারের প্রধান প্রবেশমুখে নগর সৌন্দর্যবর্ধনের নামে নির্মিত বদ্বীপ আকৃতির দুটি স্থাপনা এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়ক সংকুচিত করে গড়ে তোলা অসম্পূর্ণ এই স্থাপনা দুটি এরই মধ্যে ভাসমান হকারদের দখলে চলে গেছে, যা যানজট ও জনদুর্ভোগকে চরমে তুলেছে। জনস্বার্থে ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে স্থাপনা দুটি অনতিবিলম্বে ভেঙে অপসারণ করে সড়ক প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​আজ বৃহস্পতিবার সকাল ১০টায় খিলক্ষেত বাজার ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও নিয়মিত যাতায়াতকারীদের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়। গুলশানের নগর ভবনে ডিএনসিসির প্রধান প্রকৌশলীর দপ্তরে আবেদনটি গৃহীত হয়েছে।

এলাকাবাসীর পক্ষে এই আবেদন করেন স্থানীয় বাসিন্দা ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ ইকবাল।

​আবেদনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, খিলক্ষেত বাজারের প্রধান প্রবেশমুখ দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ছাড়াও আশপাশের আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও কর্মস্থলগামী হাজারো মানুষ চলাচল করেন। গণপরিবহন, রিকশা, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চাপে প্রবেশমুখটি এমনিতেই সংবেদনশীল ও উচ্চচাপ সম্পন্ন। এমন একটি ব্যস্ত সংযোগস্থলে উত্তর ও দক্ষিণ পাশে সড়কের জায়গা দখল করে বদ্বীপ আকৃতির দুটি স্থাপনা নির্মাণ করায় রাস্তার কার্যকর প্রশস্ততা ও যানবাহনের টার্নিং পরিসর সংকুচিত হয়ে পড়েছে। ফলে ব্যস্ত সময়ে অসহনীয় যানজটের কবলে পড়ছে পুরো এলাকা।

​স্থাপনা দুটির বাস্তব চিত্র তুলে ধরে আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্মাণকাজ পুরোপুরি শেষ না হতেই ভাসমান হকাররা স্থাপনা দুটি দখল করে অস্থায়ী দোকানপাট ও বেচাকেনার আখড়া বানিয়ে ফেলেছে। এতে প্রবেশমুখ ও আশপাশের সড়ক-ফুটপাতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ পথচারীরা মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে। এর পাশাপাশি তীব্র যানজটে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য জরুরি সেবার যানবাহন আটকে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলেও আবেদনে সতর্ক করা হয়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘস্থায়ী যানজটের কাছে পুরো এলাকা যখন জিম্মি, তখন জনমতের তোয়াক্কা না করে ও মাঠপর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে সড়ক সংকুচিত করার এই উদ্যোগ অত্যন্ত অযৌক্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে এলাকাবাসীর তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

​আবেদনকারী জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ ইকবাল জানান, ‘নগর সৌন্দর্যবর্ধনের চেয়ে সড়কের সচলতা, পথচারীদের নিরাপত্তা এবং জনদুর্ভোগ নিরসন অনেক বেশি জরুরি। যে স্থাপনা অসম্পূর্ণ অবস্থায় থেকেই হকারদের দখল ও যানজটের কেন্দ্রে পরিণত হয়েছে, তার বাকি কাজ শেষ করার কোনো যৌক্তিকতা নেই। জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে বা মানুষের ভোগান্তি বাড়িয়ে কোনো স্থাপনা টিকিয়ে রাখা যায় না। উন্নয়ন হতে হবে মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য, দুর্ভোগের কারণ হয়ে নয়।’

​জনগুরুত্ব, তীব্র যানজট ও সরেজমিন বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে হকারদের দখলকৃত ও অসম্পূর্ণ বদ্বীপ আকৃতির স্থাপনা দুটি ভেঙে অপসারণ এবং খিলক্ষেত বাজারের প্রধান প্রবেশমুখ উন্মুক্ত ও প্রশস্ত করার জন্য ডিএনসিসির জরুরি পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : ৩০০ ফিটের মস্তুল চেকপোস্টে ডাকাতির খবর মিথ্যা, ভিউয়ের নেশায় বিপন্ন নীতি-নৈতিকতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন