বিয়ের চাপ ও মনোমালিন্য, গার্মেন্টসকর্মীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় জসিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে, মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন। এরপর থেকে গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন চম্পা।

পিবিআইয়ের দাবি, নিহত চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। একপর্যায়ে চম্পা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। জসিম বিবাহিত এবং তার সন্তান থাকায় এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই চম্পাকে হত্যা করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, চম্পা সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোর পাঁচটার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন ২৪ নভেম্বর সকাল ছয়টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা করেন নিহতের পরিবার। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তে নেমে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে সংস্থাটি।

পিবিআই জানায়, মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওর উপজেলার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পিবিআই। সংস্থাটির ভাষ্য, চম্পা ও জসিম দিনের বিভিন্ন সময়ে ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। চম্পা তাকে বিয়ের জন্য চাপ দিলে জসিমের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। ঘটনার দিনও এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন