যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন মানুষ, শত শত ফ্লাইট বাতিল

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়ের কারণে ৪ শতাধিক ফ্লাইট বাতিল, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৯ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেয়া হয়েছে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।

বার্তাসংস্থা আনাদোলু, সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দেশটির অন্যতম ব্যস্ত ছুটির সময়ে সড়ক ও আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

থ্যাংকসগিভিং উপলক্ষে যখন মানুষ ঐতিহ্যবাহী ভোজের প্রস্তুতি নিচ্ছিল, তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের হিসাব অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দরগুলোতেও এর প্রভাব পড়ে। ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চলে।

প্রতি বছর ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে রঙিন বিশাল বেলুন নিয়ে আয়োজিত হয় নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস প্যারেড। আয়োজকেরা জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে প্যারেডটি পিছিয়ে আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতি বছর এ আয়োজন দেখতে লাখ লাখ মানুষ জড়ো হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এই প্যারেড বন্ধ রাখার আর কোনো নজির নেই।

আয়োজকেরা ১৯৯৭ সালের ঘটনার কথাও মাথায় রেখেছেন। সে বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কবাতির ওপর পড়ে যায়। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন।

ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, ‘প্যারেড পিছিয়ে দেয়ায় আমরা ভীষণ হতাশ। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়েছে।

দেশটির রাজধানী ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকার কর্মকর্তারা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা করছেন। এ কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।

কর্মকর্তারা মানুষকে অপ্রয়োজনে সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ করে দেয়া হয়েছে।

আবহাওয়ার কারণে গত বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন