শিশু-কিশোরদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও কল্পনাশক্তির বিকাশ ঘটাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঐতিহ্যবাহী শাহীন স্কুলের উদ্যোগে সপ্তম বার্ষিক ট্যালেন্টসার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
শিশু-কিশোরদের রঙ, তুলির আঁচড় ও কল্পনার বৈচিত্র্যময় প্রকাশে প্রতিযোগিতার পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ ভাবনা, সৃজনশীলতা এবং শিল্পপ্রতিভা ফুটিয়ে তুলতে চিত্রাঙ্কনে অংশ নেয়।
প্রতিযোগিতাটি চারটি শাখা—‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’—তে বিভক্ত করে আয়োজন করা হয়। প্রতিটি শাখায় প্রতিযোগীদের চিত্রকর্ম মূল্যায়নের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়।
বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মূল্যবান সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে উৎসাহিত করতে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, প্রতিযোগিতার সার্বিক আয়োজন দেখে উপস্থিত অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তোলে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ সৃষ্টি করে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল, গাজীপুর শাখার পরিচালক ও গাজীপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কনসহ বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিযোগিতার বিকল্প নেই। এসব আয়োজন শিশুদের নিজস্ব চিন্তাভাবনা, কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে শিশুরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ঘটবে। শিক্ষার পাশাপাশি আনন্দময় পরিবেশে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল, সফিপুর শাখার পরিচালক মো. ইকাবাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আওলাদ হোসাইন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৬ সালের শিক্ষক সম্মাননা পুরস্কার শিক্ষকদের হাতে তুলে দেন। শিক্ষকদের শিক্ষা কার্যক্রম, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সপ্তম বার্ষিক ট্যালেন্টসার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে শাহীন স্কুলের এ আয়োজন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সৃজনশীল কার্যক্রম আয়োজনের পথ সুগম করবে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


