মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের নদীভাঙন রোধ ও তীরবর্তী গ্রামগুলো সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “দেড় মাস আগে এই এলাকার ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে এখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখানকার ভাঙনের ধরন বেশ খাড়া হওয়ায় জিও ব্যাগ ফেলেও তা পুরোপুরি টেকানো যাচ্ছে না। তাই ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় যথাযথ সমীক্ষার (স্টাডি) মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি।”
নদীর গতিপথের বিষয়ে তিনি জানান, চ্যানেলের বাঁকগুলোর কারণে প্রবল স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। এই বাঁকগুলো কীভাবে সোজা বা ঠিক করা যায়, তা সরেজমিনে দেখা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বিআইডব্লিউটিএ-এর সমন্বয়ে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
ভাঙনকবলিত মানুষের দুর্দশার কথা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, “নদীভাঙনে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। দিনশেষে তারা কর্মহীন ও উদ্বাস্তু হয়ে পড়ছেন। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন জমা দিলেই আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করব।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


