চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংক ভবনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুলসংলগ্ন গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই মো. কবিরের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাতের দিকে দুর্বৃত্তরা ব্যাংক শাখাটির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী জানান, গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি তিনিও শুনেছেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. হাশেম জানান, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। তবে নৈশপ্রহরীদের কারণে তা সম্ভব হয়নি। পরে শনিবার ভোররাতে আবারও এসে বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংক ভবনের কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রামীণ ব্যাংক শাখার সামনে ভোরে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। একটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


