শরীয়তপুরের সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নওশা সরদার বাদী হয়ে সফি খানসহ ১০ জনের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমার ভোগদখল ও বাড়িঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এর মধ্যে সফি খানদের ছাগল ভুক্তভোগীদের জমিতে ঢুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে ঘটনার আগের দিনও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার বিকেলে সফি খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে নাজমা বেগম, ফাহমিদা বেগম ও রায়হান মোল্লার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ফাহমিদা বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
আহত নাজমা বেগম (৪২), ফাহমিদা বেগম (৩৮) ও রায়হান মোল্লাকে (২৫) উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নাজমা ও ফাহমিদাকে ভর্তি করা হয়। রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মামলায় সফি খান (৪৫), রবিন খান (২০), নিরব খান (১৮), মালা (২৩), রহিমা খাতুন (৪০), সোহরাব খান (৪২), আকবর খান (৪৫), বাবু খান (২৫), রোস্তম খান (৫০) ও হোসেন খান (৪৭)কে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফাজ্জল হোসেন বলেন মামলা তদন্ত দিন রয়েছে এবং আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
পড়ুন : ইসির মতবিনিময় : নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক


