ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতালের সমর্থনে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে কোলা ইউনিয়নের পান্তাডাঙ্গা এলাকায় প্রথম মিছিলটি হয়। রাত ১১টার দিকে বলিদাপাড়া-সিংগীবাজার সড়কে দ্বিতীয় মিছিল বের করা হয়। এ ছাড়া রোববার (২৯ নভেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের টায়ার জ্বালিয়ে মশাল হাতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। এসব মিছিলে প্রবাসী আতিফ আসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা যায়।
তবে মিছিলগুলোর আয়োজক কারা এবং সংশ্লিষ্ট নেতাদের প্রত্যক্ষ নির্দেশনায় এগুলো অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের মিছিল ও সমাবেশ


