সিরাজগঞ্জে দুটি মামলায় ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক গোলাম রব্বানী মণ্ডলকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মো. লাল চান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১২ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় ছিনতাইয়ের অভিযোগে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় ধারার সাজা একসঙ্গে চলবে। মোঃ লাল চান সিরাজগঞ্জ পৌর সরদারপাড়া (দিয়ারধানগড়া) এলাকার মৃত আঃ মজিদ ওরফে শাহজাহানের ছেলে।
এ মামলার অপর আসামি মো. আব্দুর রাজ্জাককে ছিনতাই করা অটোরিকশা গোপন রাখার সহায়তার অভিযোগে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মো. আব্দুর রাজ্জাক সায়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার সেরাজুল ইসলামের ছেলে। এ মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামের গোলাম রব্বানী মণ্ডল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়া শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন অটোরিকশার মালিক জাকির হোসেন শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে জানা যায়, কয়েকজন ব্যক্তি বগুড়া শহর থেকে ৪০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে সিরাজগঞ্জের হাটিকুমরুলের দিকে রওনা হন। সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা এলাকায় পৌঁছে প্রস্রাবের কথা বলে গাড়ি থামিয়ে চালক গোলাম রব্বানীকে হাত-পা বেঁধে, মুখে গামছা ঢুকিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান মণ্ডল বাদী হয়ে মামলা করেন।
অন্য এক মামলায় যমুনা সেতু পশ্চিম থানার এলাকায় ট্রাকে করে পাচারের সময় ৬৬৫ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ট্রাকচালক মো. মঞ্জু (৩২) ও হেলপার মো. আব্দুল গফুরকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাকচালক মো. মঞ্জু, পাখীমারা গ্রামের আব্দুল আজিজ ছেলে ও হেলপার মো. আব্দুল গফুর, কান্দার পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে উভয় জামালপুর জেলার সরিষাবাড়ীর থানার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাত ২টা ৩৫ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন পশ্চিম গোলচত্বরের উত্তর পাশে পুলিশের অস্থায়ী চেকপোস্টে বগুড়া থেকে জামালপুরগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের সামনের ক্যাবিনে চটের টুকরা ও কাগজে মোড়ানো সাতটি কার্টন থেকে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
দুটি মামলার মধ্যে একটি প্রায় ১৭ বছর এবং অপরটি প্রায় ১৩ বছর বিচারাধীন থাকার পর আদালত আজ এ রায় ঘোষণা করেন।
পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ


