তিনি নেই। অথচ এই শহরের কত গল্পে, কত স্মৃতিতে, কত অপূর্ণ স্বপ্নে আজও মিশে আছেন তিনি। নগরের ব্যস্ত সড়কে, ফুটপাতে, সবুজের ছায়ায় কিংবা নাগরিক দুর্ভোগের কোনো এক ক্লান্ত মুহূর্তে আজও ফিরে আসে তাঁর নাম।
আনিসুল হক। স্বপ্নবাজ এক নগরপিতা। যিনি শুধু একটি শহরের মেয়র হতে চাননি, চেয়েছিলেন শহরটির বদলে যাওয়ার ইতিহাস লিখতে।
ইট-পাথরের নগরীতে বুনতে চেয়েছিলেন সবুজের স্বপ্ন। দখলদারত্বের শিকল ভেঙে নগরকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন নগরবাসীর কাছে। চেয়েছিলেন, ঢাকা শুধু বসবাসের নয়, হয়ে উঠুক ভালোবাসার শহর।
বদলের ছোঁয়াও দৃশ্যমান হতে শুরু করেছিল। কিন্তু নিয়তি তাঁকে সময় দিয়েছিল মাত্র আড়াই বছর।
এক জীবনে অনেক অধ্যায়
১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর। নোয়াখালীতে জন্ম আনিসুল হকের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। আশি ও নব্বইয়ের দশকে টেলিভিশনের পর্দায় সাবলীল উপস্থাপনা আর অনন্য ব্যক্তিত্বে জয় করেছিলেন অসংখ্য মানুষের হৃদয়।
তবে পর্দার আলোতেই আটকে থাকেনি তাঁর জীবন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মদী গ্রুপ। ছোট পরিসরে শুরু হওয়া ব্যবসা একসময় হয়ে ওঠে বিশাল কর্মসংস্থানের ঠিকানা।
নেতৃত্ব দিয়েছেন বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের। উপস্থাপক থেকে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা থেকে নগরপিতা -প্রতিটি অধ্যায়েই নিজেকে চিনিয়েছেন নতুন করে।
জীবনের পথচলায় তাঁর সহযাত্রী ছিলেন শিল্পোদ্যোক্তা, কবি ও শিক্ষাবিদ ড. রুবানা হক। দুই মেয়ে ও এক ছেলের বাবা আনিসুল হক।
প্রতিষ্ঠিত জীবন ছেড়ে নতুন লড়াই
২০১৫ সালের ২৮ এপ্রিল। ঘড়ি প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক।
সামনে তখন সমস্যার পাহাড়। যানজট, জলাবদ্ধতা, দখলদারত্ব, আবর্জনা আর অপরিকল্পিত নগরায়ণ। অসম্ভবের মতো এক বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে নগরবাসীকে আশ্বাস দিয়েছিলেন -পাশে থাকেন, ‘ভিন্ন’ ঢাকা পাবেন।
শুধু আশ্বাসের রাজনীতিতে আটকে থাকেননি তিনি। নেমেছিলেন মাঠে। মুখোমুখি হয়েছিলেন প্রতিরোধের।
২০১৫ সালের নভেম্বর। তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে রেলক্রসিং পর্যন্ত সড়ক তখন অবৈধ ট্রাকস্ট্যান্ডের দখলে। সেই দখলদারত্ব উচ্ছেদ করতে গিয়ে পরিবহনশ্রমিকদের বিক্ষোভের মুখে কয়েক ঘণ্টা আটকে পড়েন মেয়র। তবু পিছু হটেননি।
পরের মাসেই চলাচলের জন্য খুলে দেওয়া হয় সড়কটি। তাঁর মৃত্যুর পর সেই সড়কের নামকরণ করা হয় আনিসুল হক সড়ক।
পরিবর্তন আনার চেয়েও কঠিন পরিবর্তনকে ধরে রাখা – এটাই যেন নগরের বুকে লেখা এক নির্মম সত্য। কারন, পরবর্তী সময়ে সেই সাত রাস্তা মোড়ে আবারও ফিরেছে দখলদারত্ব।
স্বল্প সময়ে বদলের দীর্ঘ স্বাক্ষর
যানজট কমাতে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ইউটার্ন নির্মাণের পরিকল্পনা, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট কাঠামোয় আনার উদ্যোগ, গুলশান-বনানী-বারিধারায় ‘ঢাকা চাকা’ বাস সার্ভিস -সবই ছিল তাঁর নগর সংস্কারের ভাবনার অংশ।
অবৈধ বিলবোর্ড সরিয়ে ফিরিয়ে দিতে চেয়েছিলেন শহরের আকাশ। পাঁচ লাখ গাছ লাগানোর স্বপ্ন দেখেছিলেন। জীবদ্দশায় রোপণ করা হয়েছিল প্রায় ৭০ হাজার গাছ।
শিশুদের জন্য খেলার মাঠ, প্রবীণদের জন্য হাঁটার জায়গা, নাগরিকদের জন্য আধুনিক পার্ক, গণশৌচাগার, এলইডি সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন -নগর উন্নয়নের প্রতিটি ভাবনায় ছিল মানুষের প্রয়োজন।
আবর্জনার স্তূপ সরাতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ, গাবতলীতে প্রায় ৫২ একর জমি উদ্ধার -অল্প সময়েই নগর ব্যবস্থাপনায় পরিবর্তনের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। তাঁর সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কিন্তু অনেক উদ্যোগই পরবর্তী সময়ের নগর উন্নয়নের পথ তৈরি করে দিয়েছে।
কংক্রিটের শহরে মানবিক এক স্বপ্ন
যাঁদের ঘামে পরিচ্ছন্ন হয় শহর, অথচ যাঁদের নিজেদের জীবনেই জমে থাকে বঞ্চনার স্তূপ -সেই পরিচ্ছন্নতাকর্মীদের কথাও ভেবেছিলেন আনিসুল হক।
তাঁর উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের দৈনিক মজুরি ১৭৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৪৭৫ টাকায়। স্বপ্ন দেখেছিলেন তাঁদের নিরাপদ আবাসন ও মর্যাদাপূর্ণ জীবনের।
সেই ভাবনার ধারাবাহিকতায় গাবতলীতে চারটি ১৫ তলা আবাসিক ভবন ও একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। যা এখন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য হস্তান্তরের পর্যায়ে রয়েছে।
যে শিশুর বাবা-মায়ের হাতে পরিচ্ছন্ন হয় গোটা নগর, সেই শিশুর শৈশব কেন কাটবে অস্বাস্থ্যকর ঘরে -নগর উন্নয়নের প্রচলিত হিসাবের বাইরেও এমন মানবিক ভাবনার জায়গা ছিল আনিসুল হকের কাছে।
যে পর্দায় আজও বেঁচে আছে তাঁর স্বপ্ন
টেলিভিশনের পর্দা একদিন তাঁকে পরিচিত করেছিল অসংখ্য মানুষের কাছে। জীবনের শেষ অধ্যায়ে সেই টেলিভিশনকে ঘিরেই বুনেছিলেন আরেকটি স্বপ্ন। সেই স্বপ্নের নাম -নাগরিক টেলিভিশন।
নিজ হাতে যে স্বপ্নের বীজ বুনেছিলেন, তার পূর্ণাঙ্গ বিকাশ দেখে যেতে পারেননি তিনি। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের ১ মার্চ পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে নাগরিক টেলিভিশন।
আজ নাগরিকের পর্দায় উঠে আসে কত মানুষের জীবন, কত স্বপ্ন, কত সম্ভাবনার গল্প। অথচ এই পর্দার নেপথ্যেও রয়েছে একজন স্বপ্নদ্রষ্টার অসমাপ্ত জীবনগাথা।
একটি মৃত্যু, অসংখ্য স্বপ্নের অপূর্ণতা
২০১৭ সালের ২৯ জুলাই। পারিবারিক সফরে লন্ডন যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা শনাক্ত করেন মস্তিষ্কের রক্তনালির প্রদাহ। এদিকে দেশে অপেক্ষায় গোটা নগর। সুস্থ হয়ে ফিরবেন প্রিয় মেয়র, আবারও ছুটবেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে এলো এক নির্মম দুঃসংবাদ।
৩০ নভেম্বর। বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিট। লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে থেমে গেল তাঁর হৃদস্পন্দন।
২ ডিসেম্বর স্বপ্নবাজ মেয়র ঠিকই দেশে ফিরলেন। তবে নগর বদলের নতুন কোনো স্বপ্ন নিয়ে নয়, নিথর দেহে। বনানীর নিভৃত মাটিতে অকালপ্রয়াত সন্তানের পাশে হলো তাঁর চিরস্থায়ী ঠিকানা।
নগর আজও খুঁজে ফেরে তাঁকে
নয় বছর হতে চলেছে। এর মধ্যে নগরের আকাশ ছুঁয়েছে আরও অনেক অট্টালিকা। নির্মিত হয়েছে নতুন সড়ক। বেড়েছে নগরের ব্যস্ততা। তবু ফুরায়নি বহু পুরোনো দুর্ভোগ।
আনিসুল হক সব সমস্যার সমাধান করে যেতে পারেননি। কিন্তু দেখিয়েছিলেন, সদিচ্ছা আর সাহস থাকলে পরিবর্তনের সূচনা করা যায়।
শিখিয়েছিলেন, নগরের উন্নয়ন শুধু ইট-পাথর আর কংক্রিটের হিসাব নয়। উন্নয়ন মানে মানুষের হাঁটার অধিকার, শিশুর খেলার অধিকার, শ্রমজীবী মানুষের মর্যাদা আর নাগরিকের স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা।
ঘড়ি প্রতীক নিয়ে নগরবাসীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন যে মানুষটি, বড় অসময়ে থেমে গেছে তাঁরই জীবনের ঘড়ি।
একজন মেয়রের মেয়াদ ফুরিয়ে যায়, একজন মানুষের জীবনও ফুরিয়ে যায়। মানুষের জন্য দেখা স্বপ্নের কোনো নির্ধারিত মেয়াদ থাকে না।
আনিসুল হক ঘুমিয়ে আছেন বনানীর নিভৃত মাটিতে। তবে আজও তাঁর স্বপ্ন জেগে আছে নগরের বুকে।
এই শহর আজও জেগে থাকে। পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ আর মানবিক ঢাকার স্বপ্ন বুকে নিয়ে জেগে থাকেন নগরবাসীও। শুধু চিরনিদ্রায় শায়িত সেই স্বপ্নবাজ মেয়র আনিসুল হক, যিনি এই শহর ও তার মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন।
পড়ুন : তোমাকে খোঁজে মানুষ, তোমাকে খুঁজি আমিও : নাভিদুল হক


