আবারও ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন সম্প্রতি মা হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের ছবি শেয়ার করে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাতে অ্যামি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।’
তিনি তার ছেলের নাম রেখেছেন অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক। শেয়ারকৃত সাদাকালো ছবিতে দেখা যায়, অ্যামি তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, পাশে রয়েছেন তার স্বামী এড ওয়েস্টউইক। পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
অ্যামি গত বছর ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন এবং ২০২৪ সালের ২৪ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই মাস পর তিনি গর্ভাবস্থার ঘোষণা দেন।
এর আগে অ্যামি জ্যাকসন জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন এবং ২০১৯ সালে বিয়ের আগেই একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে পরে সেই সম্পর্ক ভেঙে যায়।
অ্যামি মূলত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করেছেন এবং বলিউডেও তার উপস্থিতি রয়েছে। সবশেষ তিনি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন, যেখানে বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল এবং নোরা ফাতেহির মতো অভিনয় শিল্পীরাও ছিলেন।
এনএ/


