আজ ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর একটি প্রতিনিধি দল। তারা ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ঢাকায় আসছে।
সফরের দ্বিতীয় দিনে, আগামীকাল রবিবার (৬ এপ্রিল) সকালে, তারা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের আগে শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে আইএমএফের দলটি আজ ঢাকায় পৌঁছাবে। তারা ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।
এ সফরে আইএমএফ দলের সদস্যরা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবে।
বৈঠক শেষে ১৭ এপ্রিল সংবাদ সম্মেলন করবে সফররত আইএমএফ দল। তবে সংবাদ সম্মেলনের আগে, ১৭ এপ্রিল তারা আবারও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে আইএমএফ থেকে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে। এখনও বাকি ২৩৯ কোটি ডলার রয়েছে। চতুর্থ কিস্তির অর্থছাড়ের আগে কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে সরকার আশা করছে, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে আগামী জুনে পাওয়া যাবে।
এনএ/


