রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার টিজার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর। এবার চরকি-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘লিচুর বাগান’।
৩ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই আইটেম গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতেই বিয়ের পালকিতে সাহসী লুকে দেখা গেছে সাবিলা নূরকে। গানটির রোমান্স ও ছন্দে শাকিব-সাবিলার রসায়ন দর্শকদের মুগ্ধ করছে।
‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ গানটি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভরপুর হয়েছে কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।” আরেকজন বলেছেন, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স ফুটিয়ে তুলেছে, অসাধারণ।”
চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান রাফী, আর চিত্রনাট্যে তাকে সহায়তা করেছেন আদনান আদিব খান। সিনেমাটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আই-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি এসভিএফ ও চরকি যৌথভাবে প্রযোজনা করেছে।
এনএ/


