শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’– সিনেমা ৪টি একসঙ্গে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এতগুলো সুপারহিট সিনেমা এক ঈদে একসঙ্গে মুক্তি দেওয়া সত্যি এক অবিশ্বাস্য ঘটনা। ঈদ উপলক্ষে দর্শকদের জন্য এমন আয়োজন দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রথম। মুক্তির মাত্র আড়াই মাসের মাথায় ব্র্যান্ড নিউ সিনেমাগুলো ওটিটতে মুক্তির পরিকল্পনা করেনি কেউ আগে।
তাই অনেকটা না ভেবেই বলা যায় এবারের ঈদে সিনেমাপ্রেমীদের অনেক জায়গায় ঘোরাঘুরি না করে শুধু চরকিতে থাকলেই হবে। তারা দেখে নিতে পারবেন দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো। তাই এবার দর্শকদের আল্টিমেট এন্টারেটইনমেন্ট ডেস্টিনেশন হতে যাচ্ছে চরকি।
চার সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকরা আনন্দ করতে চান, ভালো সময় কাটাতে চান, পরিবার–স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চান। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’
রেদওয়ান রনি আরও বলেন, ‘রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সবগুলো সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সবগুলো সিনেমা দেখার সুযোগ পাননি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবেন। দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষদের সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য চরকির প্রথম থেকেই। এই প্রচেষ্টা তারও অংশ। দেশ–বিদেশের সবাই যেন ঘরে বসেই ঈদের আনন্দ নিতে পারেন সেই ভাবনা থেকেই রোজার ঈদের সব সিনেমাই চরকিতে দেখতে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
চরকির সিইও জানান, দর্শকরা চরকিতে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ এবং ‘জংলি’ দেখতে পারবেন। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এ দুটি সিনেমায় চরকি আছে সহ–প্রযোজক হিসেবে। সব মিলিয়ে এবারের ঈদে সিনেমা প্রেমীদের ‘আল্টিমেট এন্টারটেইনমেন্ট ডেসটিনেশন’ চরকি।
চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন চরকির ছাদের নিচে। তাই এই ক্যাম্পেইনের নাম চরকির বিরাট গুরুর হাট।
রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন মেগাস্টার শাকিব খান। ১ জুন বিকেলে চরকির অফিসে ‘বরবাদ’ সিনেমা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন চরকির সিইও রেদওয়ান রনি ও সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি।
প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘‘বরবাদ’ কেমন সাড়া ফেলেছে, কেমন ব্যবসা করেছে, তা সবার জানা। এটি ব্যবসা সফল একটি সিনেমা। দেশ–বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন, আবার অনেকে এখনও দেখার সুযোগ পাননি। তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন চরকিতে। বলা যায় কোরবানি ঈদেও বরবাদ ঝড় থামছে না। বর্তমানে বাংলা কনটেন্টের বড় এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম চরকি। দেশ–বিদেশের দর্শকরা চরকিতে বাংলা কনটেন্ট দেখতে পছন্দ করেন। সবাইকে আহ্বান করব চরকিতে এসে ‘বরবাদ’ সিনেমাটি দেখার জন্য।”
পড়ুন: সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পি
দেখুন: শাকিবের সিনেমা থেকে বাদ বুবলি
ইম/


