ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত আজ সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ একে অপরকে লক্ষ্য করে প্রতিনিয়ত শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বিগত ছয় দিনে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে।
সর্বশেষ, ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী আরাক রিঅ্যাক্টরের আশপাশের এলাকাবাসীদের সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এই ঘটনাগুলো ইরান-ইসরায়েল উত্তেজনার ভয়াবহ মাত্রায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে আরাক চুল্লির নকশা পরিবর্তন করে ইরান। হেভি ওয়াটার ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লি ঠাণ্ডা করার জন্য, তবে এর বাই-প্রোডাক্ট প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হওয়ায় বিষয়টি সংবেদনশীল।
অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে আবারও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে, যাতে বেশ কয়েকজন আহত হন। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে জেরুজালেম ও তেল আবিবে।
এনএ/


