বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় গরু বহনকারী একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের আজিজ মোল্লার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কাবিল মিয়া (২৮), তিনি উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে। সংঘর্ষে ট্রাকচালক, সহকারী এবং এক গরু ব্যবসায়ীও আহত হন।দুর্ঘটনার পর ট্রাকে থাকা কয়েকটি গরু রাস্তায় পড়ে গেলে স্থানীয় কিছু ব্যক্তি তিনটি গরু নিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ পরে দুইটি গরু উদ্ধার করলেও একটি গরু এখনো নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে কাহালপুর গ্রামের এক বাসিন্দা শেখ ফারুক জানান, সংঘর্ষের সময় ট্রাক থেকে গরুগুলো রাস্তায় পড়ে গেলে সুযোগ নিয়ে কিছু লোক গরুগুলো নিয়ে পালায়। তবে পুলিশ ও স্থানীয় কিছু নেতার সহযোগিতায় দুটি গরু উদ্ধার করা সম্ভব হয়।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লুট হওয়া গরুগুলোর মধ্যে একটি এখনো উদ্ধার হয়নি, তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পড়ুন : বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর


