জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।
গতকাল শনিবার (২১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।” যদিও ছবিতে মেয়ের মুখ আড়ালেই রেখেছেন তিনি।
গর্ভাবস্থার শুরু থেকেই স্বাভাবিক প্রসবের বিষয়ে দৃঢ় অবস্থানে ছিলেন স্বাগতা। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও যখন নরমাল ডেলিভারির সম্ভাবনা কম দেখা দেয়, তখন তিনি থাইল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যান এবং সফলভাবে কন্যাসন্তানের জন্ম দেন। তার এই সংকল্প ও সাহসিকতা প্রশংসনীয়।
২০২৪ সালের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী ও সফল ব্যবসায়ী হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বাগতা। হাসান একজন গায়ক, গীতিকার, সুরকার এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী।
দীর্ঘ বন্ধুত্ব থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক এখন পরিণত হয়েছে এক সুখী দাম্পত্য জীবনে। নতুন অতিথি মরিয়ামের আগমনে তাদের জীবনে যোগ হয়েছে নতুন আনন্দ ও ভালোবাসার অধ্যায়। ভক্ত ও সহকর্মীরা এই নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন।
এনএ/


