ইসলামপন্থি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে।
মঙ্গলবার বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা যায়।
একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন ২০১৩ সালে বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল।
আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয়া হয়েছিল ২০১৬ সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। যেটি কোনো রায় ছিল না।
যে কারণে নিবন্ধন ফেরত পেতে জামায়াত আপিলের পাশাপাশিও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ বিষয়ে আলাদা একটি আবেদনও করেছিল।
যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের সংকট এই প্রথম নয়। ১৯৮৬ সালে নির্বাচনের আগেও এই প্রশ্ন সামনে এসেছিল। তবে তখন সেটি আদালত পর্যন্ত গড়ায়নি।
পড়ুন : নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ জামায়াতে ইসলামীর


