বিজ্ঞাপন

পরকীয়া ঠেকাতে ‘বিমানে বোমা’ নাটক, গ্রেফতার ৩

বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু বিজি-৩৭৩ ফ্লাইটের বোমা থাকার মিথ্যা খবর দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, বিমানে বোমা আছে এমন ভুয়া তথ্য দেয়ার পেছনে পরকীয়ার ঘটনা জড়িত। পরকীয়া প্রেমিকাকে নিয়ে এক যুবক নেপালে ঘুরতে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে ভ্রমণ ঠেকাতে ওই যুবকের স্ত্রী বোমা থাকার মিথ্যা খবর দেয়ার পরিকল্পনা করেন। পরে যুবকের মা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন করে বোমা থাকার ভুয়া খবর দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেন, গতকালকে ঘটনা ঘটে। সেটি হলো ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বোমা রয়েছে এমন একটি ফোন কল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয় এবং তিন থেকে চার ঘণ্টা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় এয়ারলাইন্সের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক ক্ষুণ্ন হয়। ইতোপূর্বেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তীতে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ঘটনার পরপরই আমরা অনুসন্ধানে নামি। সারা রাত অভিযান পরিচালনা করে আমরা তিনজনকে গ্রেপ্তার করি। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছে। এই বিষয়টি একটি দুঃখজনক ঘটনা। ঘটনার তদন্তে জানা যায়, ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে এই ফ্লাইটে করে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালান। কিন্তু তারা কোনোভাবে সক্ষম হয়নি। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে তাহলে যাত্রাটা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান।

ডিজি আরও বলেন, এই বিষয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই, এটি একটি গর্হিত কাজ। এসব কাজে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কোনোভাবেই যেন এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয়। তারপরও গ্রহণ করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

গতকাল শুক্রবার বোমা থাকার তথ্যে বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িক স্থগিত করা হয়। অজ্ঞাত একটি ফোনে এই তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে কোনও বোমা পাওয়া যায়নি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। উড়োজাহাজটিতে ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু ছিল।

পড়ুন : বাংলাদেশ বিমানে কোনো বোমা পাওয়া যায়নি, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন