শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ২৯২টি ‘লাইব্রেরি কর্নার’। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মোহাম্মদ জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ।
বক্তারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ‘লাইব্রেরি কর্নার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রতিটি বিদ্যালয়ে শিশুদের উপযোগী পাঠ্য ও গল্পের বই রাখা হবে এবং শিক্ষকরা তাদের নিয়মিত বই পড়ায় উদ্বুদ্ধ করবেন বলেও জানান সংশ্লিষ্টরা।
পড়ুন: অন্য নির্বাচনি আসনে তিন ইউনিয়ন, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
দেখুন: মেঘালয় অঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে রেড অ্যা’লার্ট জারি
ইম/


