দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর প্রেসক্লাব।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব রোডে আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন এবং হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করেন।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বন্দর ও সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দেখুন: অবশেষে রাজ—পরীর ডিভোর্স! কাকে বিয়ে করছেন অভিনেত্রী?
ইম/


