নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নূর মোহাম্মদ কে একটি মামলায় গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাতে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা দিতে না পারায় নূর মোহাম্মদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
নূর মোহাম্মদের জামিনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা দেয়। রাতে তারা আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
স্থানীয়দের দাবি, ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নূর মোহাম্মদকে ঘিরে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। তাদের অভিযোগ, পুরনো মামলায় গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
তবে নূর মোহাম্মদের সমর্থকদের দাবি, আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্তির পর রাতের আনন্দ মিছিলই প্রমাণ করে, স্থানীয়দের একটি বড় অংশ তার পাশে রয়েছে।
উল্লেখ্য, নূর মোহাম্মদ বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি এবং ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
পড়ুন : ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত


