বিচ্ছিন্ন দ্বীপ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন। নদীবেষ্টিত এ ইউনিয়নের ভয়াল নদী ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহাউদ্দিন হাওলাদার, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার সহ অন্যান্যরা। এলাকার স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমি, স্কুল-মাদ্রাসা ও উপাসনালয়। প্রতিদিনই নদী গিলে খাচ্ছে মানুষের শত বছরের স্থাপনা ও জীবিকা। কিন্তু এত বড় বিপর্যয়ের মুখেও এখনো সরকারি পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। তাই দ্রুত ভয়াল নদী ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। পটুয়াখালী জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
পড়ুন: মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় শ্রমিকের মৃত্যু
দেখুন: ৭ বছর পর জানা গেলো, মেয়ের খু*নি বাবা
ইম/


