পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২য় ব্যাচ) নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর ডাক দিয়ে যাই–এনজিও অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রথম ব্যাচের শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মরণে শোক প্রকাশ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের আসিফ আকতার, সাইকোলজি বিভাগের নুসরাত জাহান রূপা, নবীনদের পক্ষ থেকে গণিত বিভাগের সামিউল হায়দার ও সিএসই বিভাগের শেখ সাঈদ আনোয়ার। শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রথম ব্যাচের শিক্ষার্থীরাও নবীনদের অভ্যর্থনা জানিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “অনেক ভালো ফলাফল করেও অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কিন্তু তোমরা ভর্তি হতে পেরেছ—এ জন্য তোমাদের শুভেচ্ছা জানাই, তোমাদের আমি ভাগ্যবানই বলব। তবে এটা কেবল সফলতার একটি ধাপ; সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক বড় লক্ষ্য ও অর্জন। আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে যাব।” তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
দেখুন: লক্ষ্মীপুরে সজিব হ ত্যাকান্ড ব্যক্তিগত দ্বন্ধে: জেলা পুলিশ
ইম/


