ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুনাক সভানেত্রী মোছাঃ আসমা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ৩৮ জন অংশগ্রহণ করে, এর মধ্যে ১৮ জন জিপিএ-৫ এবং বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হয়। পাশাপাশি টানা চতুর্থবারের মতো শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।
কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ, উপহার প্রদান করা হয়। এছাড়া ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষা বৃত্তি হিসেবে নগদ ৬ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার শিক্ষার্থীদের অসাধারণ ফলাফলের প্রশংসা করে তাদের নিয়মিত অধ্যবসায় অব্যাহত রাখার আহ্বান জানান। অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন।
পড়ুন:ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি


