বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা পুরো বিশ্ব। একই সঙ্গে ফুটবল জোয়ারে ভাসছেন বাংলাদেশি শোবিজ অঙ্গনের তারকারাও। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তাদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে পা রাখা ব্রাজিলের জয়ে তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার প্রভাবশালী অভিনেতা মিশা সওদাগর।
খেলা শেষে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ মিশা সওদাগর সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানান ব্রাজিলকে। তার ফেসবুক পেজে ‘শুভ সকাল ব্রাজিল ৩-০’ লিখে ছবি পোস্ট করেন। প্রিয় দলের জয়ের পাশাপাশি ভক্তদেরও শুভ সকাল জানান মিশা। ব্রাজিলের প্রতি তার অগাধ সমর্থন ও ভালোবাসার কথা বিনোদন ভুবনে বেশ চাউর।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।
পোস্টে উচ্ছ্বসিত মিশা সওদাগরকে দেখা যায় গায়ে ব্রাজিলের জার্সি ও হাতে পতাকা। ভক্তদের প্রতি বরাবরই বিভিন্ন মাধ্যমে সাম্বার ছন্দে আলোকিত ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে মিশা সওদাগর জানান, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। পেলের রেকর্ড করা খেলা টেলিভিশনে দেখেছি। ব্রাজিলের খেলা খুব টানে। যদিও অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। তারপরও ব্রাজিলই সবচেয়ে পছন্দ করি। এ ছাড়া, জার্মানি ও স্পেনের খেলাও ভালো লাগে।’


