চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর-কেডিসিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে। বাকী ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
চৌধুরী ইমরুল হাসান বলেন, ভোর ৫ টার দিকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে রহনপুর কেডিসিপাড়ায় অভিযান চালায়। টানা একঘণ্টা ধরে চলে এ অভিযান। এ সময় সেখান থেকে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ও ৪৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৮ জনকে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা: আছমা বেগম (৫৫), ছেলে মো: তানু (৪৫), তাজুর স্ত্রী বিজলী, মৃত ইসলামের স্ত্রী বুধি, ইকরামুলের স্ত্রী মোসা. চিরলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে নুনগোলা কেডিসিপাড়ার খোস মোহাম্মদের ছেলে মো: আরিফ (২৯), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মরু, বাঙ্গাবাড়ির মৃত মজিবুরের ছেলে মো: কাদিরকে (৪৫) বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের আদেশ দেন।
পড়ুন: নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
দেখুন: চেম্বারে অভিযান, কী বললেন ডা. জাহাঙ্গীর কবির
ইম/


