সাতটি সরকারি কলেজ একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আজ প্রথমবারের মতো মানবিক অনুষদের চার বছর মেয়াদী অনার্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা করল।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ৪,৪৯৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ২৪,০৯৪টি, যার ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে ৫.৩৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর আগে রিফান্ড আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৯০ জন।
ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের প্রশ্নপত্রে বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়নের সময় অতিরিক্ত ২০ নম্বর যোগ করা হবে।
অন্তর্বর্তীকালীন প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়। এসব কলেজেই কার্যত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চলবে। সার্বিক তদারকির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আবুল ফায়েজ নেতৃত্বে বিশেষ টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস।
পরীক্ষাকেন্দ্রে দেখা গেছে, ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদ হেল্প ডেস্ক বসিয়েছে। এসব ডেস্ক থেকে শিক্ষার্থীরা তথ্য, দিকনির্দেশনা ও সহযোগিতা পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, স্বতন্ত্র প্রশাসন ও নিজস্ব ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার উচ্চশিক্ষা খাতে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
পড়ুন : সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’


