চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।
জানা গেছে, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা। এ সময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।
হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। তাঁদের একজন আমিনুর রহমান বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তাঁরা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’
এর আগে, শনিবার সকালে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুছ শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুছের এই ঐতিহাসিক শোভাযাত্রাটি বের হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেন।
শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্যে দিয়ে শেষ হবে।
পড়ুন : চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪


