স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইইএসপি এমআইএস (EESP MIS) সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের অনুমতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সঠিক তথ্য যাচাই করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে। শ্রেণিতে উপস্থিতি, বয়সের যথার্থতা এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে প্রয়োজনীয় নীতিগত অনুমোদন রয়েছে এবং অর্থ বিভাগের অধীন আইবাস++ (iBAS++) ব্যবস্থায় জিটুপি (G2P) পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রম চালু আছে।
তথ্য যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে Abc@1234 নির্ধারণ করা হয়েছে এবং প্রতিবার লগইনের সময় তাদের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি (OTP) যাবে। কর্মকর্তাদের প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর তথ্য যাচাই করে যথাযথভাবে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
কর্মকর্তা বদলি, নম্বর পরিবর্তন বা দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে তথ্য দিয়ে সংশোধনের অনুরোধ জানাতে বলা হয়েছে। ফর্মের লিংক: https://forms.gle/ZcFpgLpE7gMdxHc9
তথ্য এন্ট্রির সময়সূচি অনুযায়ী, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিস্টেমে কাজ করা যাবে। সিস্টেমের ইউআরএল: https://mesp.finance.gov.bd/mesp/login
পড়ুন: মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা
এস/


