রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় কাটার দায়ে সমর চাকমা (৩৫) নামে এক ব্যক্তির নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলার নানিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম।
আসামি সমর চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের প্রতুল চাকমার ছেলে। নানিয়ারচর থানার মামলা নম্বর- ২, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ‘মিনি-সাজেক’ নামক এলাকার প্রায় ১৫০ মিটার দক্ষিণে অবস্থিত পাহাড়টি বিগত দেড় মাস ধরে সমর চাকমা কাটছিলেন। ইতোমধ্যে প্রায় ১৫০০ ঘনফুট পাহাড়ি জায়গা কর্তন করা হয়েছে। নির্বিচারে পাহাড় কাটা চললেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কিংবা ছাড়পত্র নেয়া হয়নি। ফলে আসামি সমর চাকমার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর (খ) ধারা লঙ্ঘনের অপরাধে মামলা রুজু করা হলো।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, নানিয়ারচরে পাহাড় কাটার দায়ে একজনের বিরুদ্ধে পরিবেশ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। পাহাড় কাটা ও পাহাড় ধ্বংস কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

