ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড়বাজারে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক চাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনোয়ার হোসেন নামের ওই ব্যবসায়ীর দোকান থেকে ৫০ কেজি ওজনের ১১ বস্তা ও ৩০ কেজি ওজনের ২৭ বস্তাসহ মোট ৩৮ বস্তা চাল জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্য উপজেলা থেকে এনে দোকানে মজুদ করেছিলেন আনোয়ার হোসেন। সরকারি চাল মজুদের দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন


