সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক হাজার ঘনফুট বালু এবং আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের চারটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি পুরাতন স্টিলবডি নৌকাও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবদুল্লা (২১), মো. আক্তার হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. সৌরভ মিয়া (১৯)।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় বিশ্বম্ভরপুর থানার মামলা নং-১৭, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৯৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, মাদক কারবার, চোরাচালানসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ


