রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স বাণিজ্যের পাঁয়তারা শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক, একুশে টিভি ও দৈনিক সংবাদের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মব তৈরি করে হত্যার চেষ্টার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে দিনাজপুর টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষ, বাংলা ভিশনের দিনাজপুর প্রতিনিধি সুব্রত মজুমদার ডলার, ডিবিসি টেলিভিশন দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, স্বাধীন সাংবাদিকতা বন্ধের যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই এ ধরনের ষড়যন্ত্র সফল করতে পারবে না। প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকরা রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পড়ুন: দিনাজপুরে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
এস/


