টঙ্গীতে রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় মামলা
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় একটি মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ৪ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতদের নামে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন, মামলায় রাসায়নিক গুদামটির মালিকানায় থাকা ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব। (৩৮)।
এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাউলাদারের (২০) মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন কর্মচারী অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়।
পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


