বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এসোসিয়েশন কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল হাকিম লিখিত বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সরকারের কাছে কিছু যৌক্তিক দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো,ডিলারদের পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি করা। তিনি বলেন, জ্বালানির দাম একাধিকবার বাড়লেও পরিবহন খরচ বাড়ানো হয়নি। একইভাবে ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয়, লোড-আনলোডসহ অন্যান্য খরচ বাড়লেও বিক্রয় কমিশন সমন্বয় হয়নি।
এ সময় তিনি বিদ্যমান ডিলারশিপ বহাল রাখার দাবি জানান। একই পরিবারে বাবা-ছেলে, স্বামী-স্ত্রী বা ভাই-ভাই আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে এবং সরকারের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে পারলে তাদের ডিলারশিপ বাতিল করা যাবে না বলেও দাবি করেন তিনি।
আব্দুল হাকিম আরও বলেন, বিসিআইসি ডিলাররা ১৯৯৫-৯৬ সাল থেকে সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন। ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা থাকলেও বর্তমানে বাজারে তা ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম বাড়েনি। অথচ ননইউরিয়া সারের দাম বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসছে, যা ভাবনার বিষয়।
তিনি জানান, কৃষক পর্যায়ে সরকার ভর্তুকি মূল্যে সার সরবরাহ করে থাকে। এই ভর্তুকি সারের ওপর কোনোভাবেই উৎসে কর আরোপ করা যাবে না। তা হলে সারের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং স্থানীয় পর্যায়ে দাম বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম বাদল, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু
দেখুন: গাজীপুরে র্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!
ইম/


