বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে নানা কর্মসূচির পালন করেছে যুব ফোরাম। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের কুমার নদের তীরে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটি।
দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, র্যালি, নদী পরিষ্কার অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সভাপতিত্ব করেন যুব ফোরাম খুলনা বিভাগের সভাপতি আসাদুজ্জামান লিমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ মহবুব আলম ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ আল মামুন।
প্রধান অতিথি মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, “নদী দিবস উপলক্ষে এমন মহৎ আয়োজন করার জন্য আমি যুব ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে যুব ফোরামের সভাপতি আসাদুজ্জামান লিমন এবং তার টিমের প্রচেষ্টা প্রশংসনীয়। আশা করি এ ধরনের উদ্যোগ নদী রক্ষায় মানুষকে আরও সচেতন করবে।” পরে তিনি নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান লিমন বলেন, খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে নদী দিবস উদযাপন করা হয়েছে। নদী আমাদের প্রাণ, তাই এর সংরক্ষণে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। যুব ফোরামের পক্ষ থেকে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন যুব ফোরামের স্বেচ্ছাসেবী অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মিলিত হয়ে নদী পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন। আয়োজনটি সফল করতে ভিএসও বাংলাদেশ সহযোগিতা করেছে। এছাড়াও ন্যাশনাল ইউথ ফোরাম ও মিশন গ্রীন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিরা একত্রে নদী পরিষ্কার অভিযান পরিচালনা করেন এবং নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি
দেখুন: প্রেমের টানে ২ হাজার কি. মি পাড়ি দিয়ে দিনাজপুরে চীনা যুবক!
ইম/


