চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন “মানবতার জন্য”। বৃহস্পতিবার (২ অক্টোবর) সংস্থার নিজস্ব কার্যালয়ে শতাধিক এতিম শিশুকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রীতিভোজ, ব্লাড গ্রুপিং, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টের পরিচালক নুরে ই আলম রাহুল। তিনি বলেন, “বিশ্ব পথশিশু দিবস মূলত সমাজের বঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ দিন। সমাজের বিত্তবানদের উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসা।”
সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন, বাংলাদেশে হাজার হাজার পথশিশু থাকলেও তিতুদহ এলাকায় তেমন নেই। তাই স্থানীয় বেশ কয়েকটি মাদ্রাসার শতাধিক এতিম শিশুকে নিয়ে এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—তিতুদহ মাদ্রাসা, বড়শলুয়া মাদ্রাসা, সড়াবাড়িয়া মাদ্রাসা, বেগমপুর মাদ্রাসা, যদুপুর মাদ্রাসা ও গিরীশনগর মাদ্রাসা। তিনি আরও বলেন, “গত বছরের মতো এবারও একবেলা আহার, ব্লাড গ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। শিশুদের জন্য এটি আনন্দমুখর একটি দিন হয়ে উঠেছে।”
অনুষ্ঠানে ব্লাড গ্রুপিং কার্যক্রমে সহযোগিতা করেন যুগান্ত সমাজকল্যাণ সংস্থার ইউসুফ রহমান, আরাফাত রহমান ও তনু। শিক্ষা সামগ্রী সরবরাহে সহযোগিতা করেন আক্কাস লেক ভিউ পার্কের স্বত্বাধিকারী রাহুল খান।
সভাপতির বক্তব্যে আ. মান্নান বলেন, “একসঙ্গে শতাধিক এতিম শিশুকে পেয়ে আমরা আনন্দিত। মানবতার জন্য সংস্থা জীববৈচিত্র্য রক্ষা, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে তিতুদহ ইউনিয়নসহ পুরো চুয়াডাঙ্গা জেলাজুড়ে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক সুলতান সরকার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কৃষি সম্পাদক ঝন্টু, মুন্জরুল, রাহীম, রানা, মহিরুল, মো. বিপুল, সেলিম রেজা, রাজন মিয়া, মাহাবুব হাসান ও আক্তারুজ্জামান প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে শতাধিক শিশু গান, আবৃত্তি, খেলাধুলা ও প্রীতিভোজে অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশে সময় কাটায়। স্থানীয়রা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে।
পড়ুন : চুয়াডাঙ্গায় পুরোনো ছবি ছড়িয়ে প্রতিমা ভাঙচুরের গুজব, ঘটনাস্থলে প্রশাসন


