ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মেহেরপুরে গণসংযোগ ও পথসভা করেছে দলটি। শনিবার বিকেলে সদর উপজেলার আমঝুপি বাজারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে আমঝুপি বাজার থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল,এই দলে যারা আছে তারা দেশের জন্য সংগ্রাম করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি, জেলা তাতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি শেষ পর্যন্ত রাজপথে থাকবে।
এ সময় আমঝুপি বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগে অংশ নেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণ পরিবর্তন চায়—আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

