বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশে নির্বাচন হবেই, কিন্তু দেশি-বিদেশি চক্র সেটি বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন চায় না।”
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রেলওয়ে স্টেশন এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির বিকল্প কেউ থাকলে ভোটের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ আমলে বিএনপি চেয়ারপার্সনসহ দলের নেতা-কর্মীদের ওপর নানা নির্যাতন চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াছ, যুগ্ম সম্পাদক মো. নাজমুল হোসেন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি শাহদাত হোসেন লিটন।


