লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রুহুল আমিন সরকার এবং দাতা সদস্য রেজাউদ্দৌলা রাঙ্গার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজের সাবেক শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ ছাত্রছাত্রী ও স্থানীয় জনতা। মানববন্ধন থেকে ৮ দফা দাবি উপস্থাপন করে অভিযোগগুলোর তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম দীর্ঘ ১৫ বছর ধরে নিয়মিত ক্লাস না করেও বেতন ভোগ করছেন। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরও তিনি পদে বহাল রয়েছেন। অভিযোগ ওঠে, শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে একটি প্রভাবশালী চক্র লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন করেছে এবং কলেজ তহবিল থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে।
এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের প্রায় ২৯ শতাংশ জমি অবৈধভাবে দখল করে নিজে ভোগ করছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, ওই জমি থেকে যে আয় হয় তার কোনো অংশ কলেজের তহবিলে জমা হয় না।
মানববন্ধনে ‘দুর্নীতিবাজদের বিচার চাই’, রফিকুল আলমকে বরখাস্ত করো,এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
পড়ুন: নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


