চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী প্রথমে পটিয়া সরকারি বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন। পরে উপজেলার খরনা ইউনিয়নের ভাইয়াদিঘী এলাকার ‘একে ইউনাইটেড হ্যাচারি অ্যান্ড ফিশারিজ’ পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সরকারি বীজ উৎপাদন খামারের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। তিনি সরকারি খামারের চলমান উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম সঠিকভাবে ও বিধি অনুযায়ী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকাভুক্ত করতে হবে, যাতে সরকারি সহায়তা যথাসময়ে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভা কৃষকদলের সভাপতি বুলবুল আহমদ নান্নু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী এবং আবদুল মাবুদ।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় পটিয়া উপজেলায় প্রায় ১ হাজার ৪০০টি মৎস্য পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।
পড়ুন : বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে বহুমুখী শিল্পে জোর দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর


