বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এবারের দীপাবলিতে ভক্তদের জন্য নিয়ে এলেন এক বিশেষ চমক। প্রথমবারের মতো এই দম্পতি তাদের কন্যাসন্তান দুয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এই প্রথম প্রকাশ্যে এলো বলিউডের আলোচিত জুটির সন্তানের মুখ।
দীপাবলির সাজে সেজে তোলা এই পারিবারিক ছবিগুলোতে দীপিকা, রণবীর এবং ছোট্ট দুয়াকে দেখা যায় অত্যন্ত আকর্ষণীয় রূপে। দীপিকা ও দুয়া দুজনেই লাল রঙের জমকালো চুড়িদারে সেজেছেন, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকা মেয়ের মাথায় দুটি ঝুঁটি বেঁধে দিয়েছেন। অন্যদিকে, রণবীরকে দেখা গেছে সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে, দীপাবলির সাজে দারুণ মানানসই।
ছবিগুলোতে দেখা গেছে-কখনো দুয়া হাসছে, কখনো মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আবার কখনো মা-বাবার কোলে স্নেহে ডুবে আছে। শেষ ছবিতে মা দীপিকার কোলে বসে দুয়া দুই হাতে প্রার্থনা করছে। ছবির ক্যাপশনে লেখা, ‘দীপাবলির শুভেচ্ছা’।
ছবিগুলো পোস্ট হওয়ার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে ২০ লাখের বেশি রিয়্যাকশন পড়ে, আর মন্তব্যে ভরে যায় ইনস্টাগ্রাম। অনেকে মন্তব্যে লেখেন, ‘দুয়া একেবারে দীপিকার মতো,’ কেউ কেউ বলেন, ‘রণবীরের ছাপ স্পষ্ট।’ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছোট্ট দুয়াকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার।
উল্লেখ্য, দীপিকা ও রণবীর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে আসে কন্যাসন্তান দুয়া। এর আগে গত বছর দীপাবলির সময় মেয়ের নাম জানালেও এবারই প্রথম মেয়ের মুখ দেখালেন তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

