গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এএ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে নারী শ্রমিকসহ ১০-১২ জন আহত হন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরাঅভিযোগ করে বলেন, “কাজ করে সময়মতো বেতন না পেয়ে আমরা কষ্টে দিন কাটাচ্ছি। পরিবার চালানো কঠিন হয়ে গেছে। আমরা বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।”
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, শ্রীপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।”
পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ
দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের
ইম/


