রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে পাহাড় কাটার সময় পাহাড়ের মাটি ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে বেতবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মফিজ উদ্দিনের ছেলে। তবে একই ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি পাড়া ব্রিজের ব্লকে মাটি ভরাটের জন্য সোনাইছড়ি জামে মসজিদের পাশে পাহাড় কাটেন কয়েকজন শ্রমিক। পাহাড় কাটার সময় পাহাড়ের মাটি ধসে শ্রমিকরা হতাহত হয়। পরে স্থানীয়রা জসিম উদ্দিনকে উদ্ধার করে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক বলেন, আমরা খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি।পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, বেতবুনিয়াতে একটি পাহাড় কাটতে গিয়ে জসিম উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে রাঙ্গুনিয়ার বাসিন্দা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


