দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায়সহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, “৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির প্রতীক নার্সিং প্রশাসন এবং মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করার প্রস্তাব নার্সিং পেশার স্বাধীনতা ও উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”
তারা আরও বলেন, সরকারের উচিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী করা, একীভূত নয়।
পড়ুন : পিরোজপুরে অটোচালক হৃদয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


